ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার ঘটনাকে ভিত্তিহীন বক্তব্য ও রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তার দাবি, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না।

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, এসব বক্তব্যের কোনো ভিত্তি নেই। শেখ হাসিনা বর্তমানে যা করছেন, তা রাজনৈতিক স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে একটি চিঠির বরাতে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে পাঠানো চিঠিতে তার নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে তার নতুন পাসপোর্টের আবেদন এবং দেশে ফেরার পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।