বাংলাদেশে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিস ফেডারেশনের (আইএফআরসি) নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সেভাল গুজেলকিলিঞ্চ। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনায় সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় সংস্থাটির আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্ষমতা বৃদ্ধিতে আইএফআরসির অবদানের প্রশংসা করা হয়। এ ছাড়া চলতি বছরের জুলাইয়ে বন্যা ও ভূমিধসের পর সংস্থাটির দ্রুত মানবিক সাড়ার বিষয়টিও তুলে ধরা হয়।

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, পূর্বাভাসভিত্তিক কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান মানবিক চাহিদার বিপরীতে আন্তর্জাতিক সহায়তা কমে আসার বিষয়টি নিয়েও আলোচনা হয়। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসির বৈশ্বিক নেটওয়ার্ক ব্যবহারের আহ্বান জানানো হয়।

এ সময় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে তাদের দ্রুত ও নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নতুন প্রতিনিধি বাংলাদেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, মানবিক কার্যক্রম সম্প্রসারণে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আইএফআরসি প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা উন্নত করা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করাকে তিনি অগ্রাধিকার দেবেন।

বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশে আইএফআরসির মানবিক কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।