সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা এবং হাজিদের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রী।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সম্মেলনে প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট সেবা এবং হাজিদের অভিজ্ঞতা উন্নত করার বিভিন্ন উদ্যোগ নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।

এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং বিভিন্ন আধুনিক সমাধান তুলে ধরছে।

এদিকে, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এ লক্ষ্যে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রীর মধ্যে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

চুক্তির মাধ্যমে ২০২৭ সালের হজ পরিচালনা, হাজিদের সেবা, সার্বিক ব্যবস্থাপনা এবং দুই দেশের সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে।

হজ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ক্ষেত্রে এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।