দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ লাগিয়ে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা এক নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়ক গ্রাম পুলিশ সড়ক হিসেবে নামকরণ করতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কের পাশে অন্তত এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণ করা গাছগুলো সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় পরিচালিত হবে।
কর্মসূচির আওতায় সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৬০ শতাংশ ওই ইউনিয়নের পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমে ব্যয় করা হবে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচিটি বাস্তবায়নের ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সামাজিক বনায়ন সম্প্রসারণ এবং স্থানীয় পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার আশা করা হচ্ছে।









