ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিক আবেদন করেছেন। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে লন্ডনভিত্তিক আইনজীবীদের মাধ্যমে এ আবেদন পাঠানো হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হাতে আসা একটি চিঠির বরাতে জানা গেছে, ২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর দেশটির কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। চিঠিতে উল্লেখ করা হয়, আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতা অনুসরণ করে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

এদিকে, শেখ হাসিনা জানিয়েছেন, আদালতের মুখোমুখি হওয়ার জন্য তিনি বাংলাদেশে ফিরতে চান। তার সহযোগীদের পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।