আজ বিশ্ব এতিম শিশু দিবস। বিশ্বের কোটি কোটি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর অধিকার, সুরক্ষা, শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এতিমদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’।

দিবসটির মূল উদ্দেশ্য হলো এতিম শিশুদের মৌলিক অধিকার সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা। এ লক্ষ্যে শিশুদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের পাশাপাশি পুষ্টিকর খাবার, পোশাক, বই-খাতা এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের স্বাবলম্বী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা, ভাষা দক্ষতা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

বাংলাদেশেও এতিম শিশুদের কল্যাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। এতিম শিশুদের দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে এবং তাদের জন্য সহায়তা কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।

পাশাপাশি এতিম ও অসহায় শিশুদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, দেশের বেসরকারি এতিমখানার শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির সরকারি ভাতা হিসেবে ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ জন এতিম শিশুর জন্য এ অর্থ মঞ্জুর করা হয়েছে।

বিশ্ব এতিম শিশু দিবসে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে। শিশুদের প্রতি দায়িত্বশীলতা ও মানবিক সহযোগিতা বাড়াতে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণও প্রত্যাশা করা হচ্ছে।