বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সাত দিনের মধ্যে পরীমনিকে শোকজ নোটিশ প্রদানসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়, বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে পরীমনি সামাজিক অস্থিরতা সৃষ্টি করছেন এবং দেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য ক্ষতিগ্রস্ত করছেন। একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে তার কাছ থেকে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয় বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক ব্যবসায়ীর করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি।

আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হলো।