ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান। তবে ই-মেইলটি শেখ হাসিনার অনুমোদন বা সম্মতি নিয়ে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি ঢাকা।

সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ই-মেইল পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে হাইকমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রও ই-মেইল পাওয়ার তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো ই-মেইলে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দেন। তিনি তার মক্কেলের পক্ষে যোগাযোগ করছেন উল্লেখ করে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

ই-মেইলে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে পরিচয়পত্র দুটি দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে কূটনৈতিক সূত্রের দাবি, ই-মেইলটি শেখ হাসিনার অনুমোদনক্রমে পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলের সঙ্গে তার সম্মতিপত্র বা অনুমোদনসংক্রান্ত কোনো নথি সংযুক্ত ছিল না। সাধারণত কারও পক্ষে অন্য ব্যক্তি আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদনপত্র প্রয়োজন হয়।

দিল্লি হাইকমিশনের পক্ষ থেকে বিষয়টি ঢাকায় জানানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী করণীয় নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন শেখ হাসিনা। এ জন্য তার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন পাঠিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন ঘিরে বিষয়টি নিয়ে বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।