সরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘোষিত নীরব এলাকায় সরকারি গাড়িতে হর্ন বাজানো যাবে না। এসব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজালে সংশ্লিষ্ট চালকের ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশনায় বলা হয়েছে, শব্দদূষণ বর্তমানে মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এর ক্ষতিকর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬’ হালনাগাদ করে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করেছে।
নতুন বিধিমালার ৬ নম্বর বিধিতে যানবাহনের হর্ন ব্যবহারের বিষয়ে বিধিনিষেধ উল্লেখ রয়েছে। হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজালে ট্রাফিক সার্জেন্টের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা করার বিধানও রাখা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সড়কে চলাচলকারী যানবাহনের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি যানবাহন। এসব গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করা গেলে শব্দদূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি সরকারি যানবাহন ব্যবহারে শৃঙ্খলা, জনসচেতনতা ও পরিবেশবান্ধব আচরণের দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন।
এ লক্ষ্যে পরিবহন পুলসহ সরকারি যানবাহন নিয়ন্ত্রণকারী ও ব্যবহারকারী কর্মকর্তাদের তাঁদের অধীন সব চালককে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয়েছে। একই সঙ্গে নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছে।
বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘোষিত নীরব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানোর ক্ষেত্রে চালকের ব্যক্তিগত দায় নির্ধারণ করা হবে। এ বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।









