ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় হয়েছে এবং তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশ তাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায়।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, তার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাজাপ্রাপ্ত আসামির এ ধরনের আবেদন করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরতে হবে। শুধু অর্থের বিনিময়ে কেউ তার পক্ষে লবিস্ট হিসেবে কাজ করলে তাদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে।

এদিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীদের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠিটি পাঠান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য বাংলাদেশ হাইকমিশনে এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে জানা গেছে।