২০২৭ সালের হজ ব্যবস্থাপনা চূড়ান্ত করতে আজ সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তির মাধ্যমে আগামী বছরের হজযাত্রীর সংখ্যা, ব্যবস্থাপনা এবং হজসংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতার বিষয়ে দুই দেশের সমঝোতা চূড়ান্ত হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী চুক্তিতে সই করবেন। বর্তমানে ধর্মমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সৌদি আরবে অবস্থান করছে।
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ২৭ জুলাই। নিবন্ধনের শেষ সময় ছিল ২৪ সেপ্টেম্বর। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে। প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১-এর মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
আগামী বছর হজ পালনের জন্য সৌদি আরব বাংলাদেশকে ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। তবে নিবন্ধনের চাহিদা বিবেচনায় বাংলাদেশ অতিরিক্ত ২০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর আবেদন করেছে।
এর আগে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, অতিরিক্ত কোটা বাড়ানোর বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতিবাচক আশ্বাস দিয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ ১৪৪৮ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।









