জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর প্রস্তাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ ভবনে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সংসদের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট উপকমিটির পক্ষ থেকে জানানো হয়, সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

জানানো হয়, সংসদের অধিবেশন চলাকালে উৎপাদিত বিদ্যুতের প্রায় ৬ মেগাওয়াট ব্যবহার করা যাবে। অন্য সময়ে সংসদের বিদ্যুতের চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

এ ছাড়া সংসদ চত্বরে উৎপাদিত সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য এনার্জি স্টোরেজ সুবিধা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।