নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্যের পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ নভেম্বর) আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়।

এর আগে গত ১৯ আগস্ট হাতিয়ার এক বাসিন্দার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়।

রিটের পক্ষে আইনজীবীর দাবি ছিল, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে হলফনামা সম্পর্কে অবগত না হয়েই সংশ্লিষ্ট প্রার্থী তাতে স্বাক্ষর করে জমা দিয়েছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনাকে হলফনামা জালিয়াতি দাবি করে এর আইনগত প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন আবেদনকারী।

রিটে হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনাও চাওয়া হয়েছিল।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী শাপলা কলি প্রতীকে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নোয়াখালী-৬ আসনে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ৬৪ হাজার ২১ ভোট পান।