ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা এখনো যাচাই করতে পারেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, শেখ হাসিনার আবেদন করার আইনগত ভিত্তি রয়েছে কি না এবং তিনি এ ধরনের আবেদন করার অধিকার রাখেন কি না, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন বিবেচনায় নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের খবর দেখেছেন। তবে এখন পর্যন্ত এ আবেদনের সত্যতা তিনি যাচাই করতে পারেননি।

ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, কোনো দণ্ডিত আসামি অন্য কোনো দেশে আশ্রয় নিয়ে থাকলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এ ক্ষেত্রেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে, যাতে আইন অনুযায়ী তাকে প্রত্যর্পণ করা হয়।

এদিকে ভারত থেকে বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার আইনজীবীদের পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীদের পক্ষে লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠিটি পাঠান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য বাংলাদেশ হাইকমিশনে এটিই তার প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে জানা গেছে।