জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই এ বরাদ্দের আওতায় দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

এ সময় হাসপাতালের আইসিইউ, নতুন পোস্ট অপারেটিভ ওয়ার্ড, বহির্বিভাগের ই-টিকিট ব্যবস্থা, কিউআর কোড এবং সম্প্রসারিত অটোমেশন পদ্ধতির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকেরা নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করছেন। চিকিৎসকেরা যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রাখতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় রোগীদের সঙ্গে আরও ভালো ও সহনশীল আচরণ করার জন্য চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার কাজ করছে। এ খাতে উন্নয়নের জন্য যত বরাদ্দ প্রয়োজন, তা দেওয়ার সদিচ্ছা সরকারের রয়েছে।