জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক সময়ে ডিসেম্বর মাসে দেশে ফেরার বিষয়ে তার বিভিন্ন বক্তব্য এবং নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার খবর প্রকাশিত হয়। তবে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তাঝুঁকির মধ্যে তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটা দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে দেশে ফেরার বিষয়ে তার বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রশ্ন উঠেছে, দেশে ফেরার ঘোষণা কি কেবল রাজনৈতিক বার্তা, নাকি সত্যিই প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন শীর্ষ আইন কর্মকর্তা শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, শেখ হাসিনা আর দেশে ফিরবেন না।
তবে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে প্রভাব পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। দীর্ঘদিন আত্মগোপনে থাকা দলটির কিছু নেতা-কর্মী নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের ঘটনাও বেড়েছে। এসব ঘটনায় ধরপাকড় ও গ্রেপ্তারের সংখ্যাও বাড়ছে।
বিষয়টি নিয়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমালোচনা করছেন। তাদের বক্তব্য, শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে নিরাপদে অবস্থান করছেন। অন্যদিকে দেশে ফেরার ঘোষণা দিয়ে তারা দেশের ভেতরে থাকা নেতা-কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছেন। মিছিল-সমাবেশে অংশ নিতে গিয়ে অনেক নেতা-কর্মী গ্রেপ্তার ও মামলার মুখে পড়ছেন।
তবে আওয়ামী লীগের ভেতরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। ভারতে অবস্থানরত দলটির এক নেতা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনার বয়স এখন ৭৮ বছর। এ বয়সে দীর্ঘ সময় রাজনীতিতে সক্রিয় থাকার সুযোগ সীমিত। তাই দেশে রাজনৈতিকভাবে ফিরে আসতে তিনি বড় ধরনের ঝুঁকি নিতেও প্রস্তুত।
বিদেশে অবস্থানরত দলটির আরেক নেতা দাবি করেছেন, প্রতিকূল পরিস্থিতি থাকলেও ডিসেম্বরেই দেশে ফেরার সিদ্ধান্তে অটল রয়েছেন শেখ হাসিনা। এ লক্ষ্য সামনে রেখে সারা দেশে দলকে সাংগঠনিকভাবে প্রস্তুত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তার মতে, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য সহজ হবে না। তবে শেখ হাসিনা নিজের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী দেশে ফিরবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে জানা যায়, শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
২০২৪ সালে দেশ ছাড়ার পর এ ধরনের আবেদন নিয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানা গেছে। তার সহযোগীদের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানানো হবে।
তবে দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। ২০২৫ সালের নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাসপোর্ট ও এনআইডির আবেদনটির সত্যতা এখনো যাচাই করা হয়নি। আবেদন করার আইনগত ভিত্তি ও অধিকার রয়েছে কি না, তা পাসপোর্ট, নাগরিকত্ব ও এনআইডি আইন অনুযায়ী পর্যালোচনা করা হবে।
সব মিলিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনকে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে ভারতের অবস্থান, প্রত্যর্পণ প্রক্রিয়া, আইনি জটিলতা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ডিসেম্বরের ঘোষিত প্রত্যাবর্তন শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না, তা এখনো অনিশ্চিত।









