সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হলো সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার, ডিএমপির উপ-কমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার এবং এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার, এসআরইউ এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলির কথা জানানো হয়েছে। অর্থাৎ মোট ১৪ জন বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।