হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে; অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত থাকবেন। ১৫ বছর মেয়াদি এ চুক্তির আওতায় টার্মিনাল পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং যাত্রী ও কার্গো ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে জাপানি কনসোর্টিয়াম। রোববার (২৯ নভেম্বর) সকালে বেবিচক সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু হবে; চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের কার্যক্রম নতুন টার্মিনালে নেওয়ার লক্ষ্য রয়েছে; পর্যায়ক্রমে ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম স্থানান্তর করা হবে।

চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে জাপানি কনসোর্টিয়াম; এসব কার্যক্রমের জন্য প্রয়োজনীয় ব্যয় বহন করবে প্রতিষ্ঠানটি। কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন। তবে বিমানবন্দরের মূল নিয়ন্ত্রণ বেবিচকের হাতেই থাকছে রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল ও উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা বেবিচক পরিচালনা করবে; নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং যাত্রী ও কার্গো পরিবহনের নিয়ন্ত্রণও থাকবে বেবিচকের অধীনে। ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। চুক্তির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে তৃতীয় টার্মিনালে পরিচালিত হবে শাহজালাল বিমানবন্দরের সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট; বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করা হবে অভ্যন্তরীণ, হজ ও অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য। চুক্তির শর্ত নিয়ে আগে আপত্তি উঠেছিল জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তের মধ্যে ছিল আগামী ১৫ বছর শাহজালালের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম চালু না করা; বিষয়টি নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও সমালোচনা হয়েছিল।

চুক্তির আওতায় রাজস্ব ভাগাভাগির বিষয়েও সুনির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। পরিচালনাকারী প্রতিষ্ঠানকে এককালীন ৮১ লাখ ডলার (প্রায় ১০০ কোটি টাকা) অগ্রিম দিতে হবে। নির্ধারিত কার্যক্রম শুরুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান; তৃতীয় টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছালে বেবিচকের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১০ ডলার ও কার্গোতে প্রতি টনে ১১ দশমিক ৫০ ডলার। তবে অগ্রিম অর্থের পরিমাণ পুরো প্রকল্প ব্যয়ের (২২ হাজার ২১৩ কোটি টাকা) তুলনায় মাত্র ০ দশমিক ৪৫ শতাংশ। নতুন টার্মিনাল ব্যবহারকারী বহির্গামী যাত্রীদের এমবারকেশন ফি দিতে হবে ১২ দশমিক ৫০ ডলার (প্রায় ১ হাজার ৫৬০ টাকা); বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এ ফি ৫০০ টাকা। বোর্ডিং ব্রিজ ব্যবহার, এমবারকেশন ফি এবং লাউঞ্জ, গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন ভাড়াসহ নন-এরোনটিক্যাল খাতের আয় পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের বিধান রাখা হয়েছে; বিমান সর্বোচ্চ ৫০ শতাংশ গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে।

যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে বেশ কিছু সময়সীমা ও কর্মসম্পাদন সূচক নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ থামার ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়র বেল্টে সরবরাহ করতে হবে; সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট। চেক-ইন কাউন্টারে বিজনেস ক্লাসের যাত্রীদের গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে রাখার শর্ত রয়েছে; গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সেবা ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখতে হবে। নির্ধারিত সেবার মান অর্জনে ব্যর্থ হলে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে। বেবিচকের তথ্য অনুযায়ী, প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে; নতুন কার্গো টার্মিনাল দুটির বার্ষিক সক্ষমতা ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন, ফলে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা চার গুণ বাড়বে বলে বেবিচকের দাবি। ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট উদ্বোধন করা হলেও জাপানের সঙ্গে আলোচনা সফল না হওয়ায় দুই বছরেরও বেশি সময় এটি চালু করা যায়নি।