পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলি হত্যা, কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা এবং কুমিল্লায় ১৩ বছরের শিশু অপ্রতিমের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারী। পৃথক ফেসবুক পোস্টে তারা এসব ঘটনার বিচার, শিশুদের নিরাপত্তা এবং নৃশংসতা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে বলেন, পাবনার শিশু কলির ধর্ষণ ও হত্যা এবং কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই অপ্রতিমের হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। তিনি প্রশ্ন রাখেন, এই ভূখণ্ডকে আর কবে বাসযোগ্য করে তোলা সম্ভব হবে।
কলি ও অপ্রতিমের বাবা-মাসহ স্বজনরা যেন সুবিচার পান, সেই প্রত্যাশা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্কৃতি গড়ে তোলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাংসহ নৃশংসতার পেছনে ভূমিকা রাখা কারণগুলোর বিরুদ্ধে সামাজিক ও রাষ্ট্রীয় পদক্ষেপের কথাও বলেন তিনি।
অন্যদিকে মাওলানা মিজানুর রহমান আজহারী শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন রাখেন, “এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা কে দেবে?” তাঁর ভাষ্য, মানবিকতা ও বিবেকবোধ দিন দিন হারিয়ে যাচ্ছে কি না সেটিও ভাবার সময় এসেছে।
আজহারী বলেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশয় কোনো অনুগ্রহ নয়, এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার হওয়া উচিত প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা।










