জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সম্পাদক হয়েছেন ইয়াসির আরাফাত। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দলটির ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। ওই কমিটিতে তাকে মিডিয়া সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ইয়াসির আরাফাত প্রায় নয় বছরের সাংবাদিকতা পেশা ছেড়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে এনসিপিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা শেষে তিনি সাংবাদিকতা শুরু করেন। বিশ্লেষণধর্মী ম্যাগাজিন ‘জবান’-এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের সময় ম্যাগাজিনটি বন্ধ হয়ে যায়।

২০১৮ সালে তিনি টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হন। পরে ২০২২ সালে একটি দৈনিক পত্রিকায় যোগ দেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর সংবাদমাধ্যমের পেশাদারত্ব, সাংবাদিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়ন নিয়ে আলোচনা জোরালো হয়। এ প্রেক্ষাপটে মূলধারার অন্তত দুই ডজন সাংবাদিককে নিয়ে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ গড়ে তোলেন ইয়াসির আরাফাত। এনসিপিতে যোগ দেওয়ার সময় তিনি সংগঠনটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সাংস্কৃতিক উপাদান সংরক্ষণেও কাজ করেছেন ইয়াসির আরাফাত। জুলাইয়ের গ্রাফিতি, গান, স্লোগান ও কবিতার আর্কাইভ ‘জুলাই মেমোরিজ’-এর সহপ্রতিষ্ঠাতা তিনি। এই ওয়েবসাইটে দেশের ১১টি জেলার প্রায় ১০ হাজার গ্রাফিতির ছবি সংরক্ষণ করা হয়েছে।

এনসিপির মিডিয়াসংশ্লিষ্ট দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত রয়েছেন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে কাজ করছেন ইয়াসির আরাফাত।