আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ড. দীপু মনিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসে। স্বাস্থ্য পরীক্ষা শেষে দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে সিআইডি সদস্যরা তাকে নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী রিমান্ড শেষে দীপু মনির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে পুনরায় কারাগারে নেওয়ার উদ্দেশ্যে হাসপাতাল থেকে নিয়ে যায় সিআইডি।

এ বিষয়ে পুলিশের ইন্সপেক্টর রিদওয়ানুল হক জানান, দীপু মনির রিমান্ড শেষে আদালত তাকে স্বাস্থ্য পরীক্ষা করে আবার কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।