জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার গঠন করলে স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের দুই মন্ত্রণালয়ের কথা জানান তিনি। পাশাপাশি দলের অন্য নেতারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন, সে বিষয়েও নিজের মত তুলে ধরেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চাওয়ার কারণ হিসেবে পাটওয়ারী বলেন, এ মন্ত্রণালয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করতে হয়। রাজনৈতিক বিভিন্ন পক্ষকে সামলানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে বলে মনে করেন তিনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়ে তিনি বলেন, ব্যবসায় শিক্ষায় পড়াশোনা ও এ খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখেন বলেও জানান তিনি। এসব অভিজ্ঞতার ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা করতে পারবেন বলে মনে করেন পাটওয়ারী।

সাক্ষাৎকারে দলের অন্য নেতাদের সম্ভাব্য দায়িত্ব নিয়েও কথা বলেন পাটওয়ারী। তাঁর মতে, হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়, আখতার হোসেনকে আইন মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে। পরিবহন খাতেও দলের একজন নেতার সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।

দলের মহাসচিব কে হবেন এমন প্রশ্নের জবাবে পাটওয়ারী বলেন, তিনি দ্রুত বর্তমান দায়িত্ব ছেড়ে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে চান। রাজনীতি থেকে আগেভাগেই অবসরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।