সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে দলের কেউ বাধা সৃষ্টি করলে তিনি দল থেকে ছিটকে পড়বেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে একটি ফর্মুলা দেবেন। দলের মধ্যে কেউ মুনাফিকি করলে তাকে ক্ষমা করা হবে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, প্রতিটি ইউনিয়নের বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। দল এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে জয়ী হতে পারবেন। বিএনপি নির্বাচনে জয়ী না হলে বড় নেতা হয়েও কোনো লাভ হবে না।

আইনমন্ত্রী আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী মনোনয়ন দিতে হবে, যিনি বিজয়ী হয়ে আসতে পারবেন। ব্যক্তিগত পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলেও তিনি জয়ী হতে না পারলে তা দলের জন্য ফলপ্রসূ হবে না।

দলকে সবচেয়ে বড় আমানত উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন কিংবা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিকল্প কিছু করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে।

মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।