সিলেটে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার (১ মে) বিকাল তিনটায় নগরীর রায়নগরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে বাদ জোহর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এদিন দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নগরীর ধোপাদিঘীর পাড় হাফিজ কমপ্লেক্সের বাসা মুহিতের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে এই খ্যাতিমান অর্থনীতিবিদ ও রাজনীতিবিদকে শেষবারের মতো শ্রদ্ধা জানান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানাতে আসেন।
পরে এই ভাষাসৈনিককে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন বর্ষীয়ান এই রানীতিবিদ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার (৩০ এপ্রিল) সকালে গুলশান কেন্দ্রীয় মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। পরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা শেষে তার মরদেহ সগড় পথে গ্রামের বাড়ি সিলেটে আনা হয়।







