রাষ্ট্র নিয়েই হতাশ বিএনপি। তাই রাষ্ট্রপতি নিয়ে তাদের হতাশা থাকবে সেটাই স্বাভাবিক, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তৎকালীন পাকিস্তান সরকার প্রণীত ‘শ্বেতপত্র ১৯৭১’ ডিএফপি মুদ্রিত কপির মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তিনি। আরও বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ যাকে চেয়েছে তাকেই রাষ্ট্রপতি করেছে। আওয়ামী লীগ নিশ্চয়ই বিএনপির কাছ থেকে সিদ্ধান্ত নেবে না।অপরিচিত ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে বলে বিএনপি মহাসচিবের মন্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে ইয়াজউদ্দিন এবং আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি করেছিল। তাদের কতজন চিনতো এমন প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী।বর্তমান রাষ্ট্রপতি ভালো মানুষ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি কাল যে বক্তব্য রেখেছে তাতে বলবো, রাষ্ট্র নিয়েই তাদের কোনো প্রত্যাশা নাই। রাষ্ট্র নিয়েই তারা হতাশ। রাষ্ট্রপতি নিয়ে তাদের আশাপ্রকাশের কোনো কারণ আমি দেখি না।