গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন এবং তার সহযোগী সাগরকে আটক করেছে পুলিশ। তাদের আটক করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হানিফ মাহমুদ (৪৬) নামে টঙ্গী পশ্চিম থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গীর খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন টঙ্গী পশ্চিম থানার সাতাইশ-খরতৈল এলাকার কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন (২৬) এবং তার সহযোগী সাগর (২৫)।

citytouch 728-X-90

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শাওন ও সাগরকে হাতেনাতে আটক করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালায়।

একপর্যায়ে শাওনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হানিফ মাহমুদের পায়ের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। ছুরিকাঘাতে আহত হওয়ার পরও তিনি শাওনকে আটক করতে সক্ষম হন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগিতায় শাওন ও সাগরকে থানায় নিয়ে যাওয়া হয়।

আহত হানিফ মাহমুদকে স্থানীয়দের সহযোগিতায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।