পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা আদায়ের দাবিতে উজ্জ্বল মল্লিক (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ দাফনে বাধা দিয়েছেন পাওনাদারেরা। এ সময় প্রায় তিন ঘণ্টা মরদেহের খাটিয়া আটকে রাখা হয়। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলে দাফন সম্পন্ন হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উজ্জ্বল মল্লিক ওই গ্রামের সফি মল্লিকের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন উজ্জ্বল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হলে পাওনা টাকা নিয়ে আপত্তি তোলেন কয়েকজন পাওনাদার।
উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী চুমকি খাতুন বলেন, তাঁর স্বামী ইটভাটা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসার কারণে কিছু মানুষ তাঁর কাছে টাকা পাওনা রয়েছে দাবি করে মরদেহ দাফনে বাধা দেন।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মকুল হোসেন জানান, পাওনাদারদের আপত্তির কারণে দাফনে বিলম্ব হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিবারের পক্ষ থেকে পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলে মরদেহ দাফন করা হয়।








