ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাস চালাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাতের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।