নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।
ভোরে ট্রেনটির একটি বগিতে আগুন দেখতে পান রেলকর্মীরা। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্টেশন সূত্রে জানা যায়, রাজধানীর কমলাপুর থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোরে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ‘ঢ’ নম্বর বগিতে ধোঁয়া দেখতে পান রেলকর্মীরা। পরে বগির ভেতরে আগুন জ্বলতে দেখে তাঁরা দ্রুত তা নেভানোর উদ্যোগ নেন। আগুনে বগিটির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে যায়।
স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় দায়িত্বে থাকা স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী স্টেশনে উপস্থিত লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বগিটির চারটি আসন পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের সময়সূচিতেও কোনো প্রভাব পড়েনি।
এদিকে এর আগে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ছাড়া মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
একই সময়ে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের বিপরীত পাশে পৌরসভা কার্যালয়সংলগ্ন সাবেক মেয়র ও আওয়ামী লীগের মোহনগঞ্জ উপজেলা কমিটির সভাপতি লতিফুর রহমান এবং তাঁর ভাই সুলতান আহমেদের বাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সুলতান আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁর বাসায় একাধিকবার হামলা ও লুটপাট করা হয়েছে। এবার ঘরের আসবাবপত্র, স্বর্ণালংকার ও টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন বলেন, কারা হামলা ও ভাঙচুর করেছে, তা তাঁদের জানা নেই। তবে বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী এসব ঘটনায় জড়িত নন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি তিনি জেনেছেন। এ ঘটনা রেলওয়ে পুলিশ তদন্ত করছে। এ ছাড়া অজ্ঞাত স্থানে মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলোও তদন্ত করে দেখা হচ্ছে।









