নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বার্মাস্ট্যান্ড এলাকার সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ সময় নিহতের মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে কোনো একসময় তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।









