কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে চারটি ইউনিট প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতবাড়ির বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য বাইরে বেরিয়ে সড়কে অবস্থান নেন।

এর আগে কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন উখিয়ার ইনানী এলাকার একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়। এর কয়েক দিন পর শহরের সুগন্ধা পয়েন্টে একটি হোটেলে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।