খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ পুরো কার্যালয় পুড়ে গেছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং একটি জিপ গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কার্যালয়ের ভেতরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।

এদিকে একই রাতে দীঘিনালা সড়কের সাত মাইল এবং মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ছাড়া খাগড়াছড়ি শহরের পানখাইয়া সড়কে কেএসটিসি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) আগুন দেওয়া হয়। এতে গাড়িটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাঁর গাড়িতে আগুন দেয়। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন গাড়িটি পুড়ে যাওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার এসব ঘটনার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা রফিকুল আলমের সহযোগীরা শহরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। জড়িতদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, রাতে অজ্ঞাত ব্যক্তিরা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে হেফাজতে নেওয়া হয়েছে।