কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা জজের বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, রাত দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে প্রধান সড়ক থেকে জেলা জজের সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। ঘটনার সময় বাসভবনে চারজন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ সদস্যরা বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আকস্মিক বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে একই রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার টিএনটি অফিসের সামনে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে কুষ্টিয়া জেলা কারাগারসহ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের বিস্তারিত জানা যায়নি।