রাজু তালুকদার, মোংলা প্রতিনিধিঃ
মোংলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত তিন মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ৩২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের তথ্য যুক্ত করলে আক্রান্তের সংখ্যা ৫ শতাধিক। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত পাঁচজন। এর মধ্যে গত রাতে মারা গেছেন এক শ্রমিক দল নেতা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বর্তমানে সেখানে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত জুন থেকে মোংলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। জুনে ২২ জন, জুলাইয়ে ৭১ জন এবং আগস্টে ১৩৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। সেপ্টেম্বরের এ পর্যন্ত আরও ৯৩ জন রোগীর তথ্য পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, মোংলায় ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। সরকারি হাসপাতালের হিসাবের পাশাপাশি স্থানীয় বেসরকারি ক্লিনিকগুলোর তথ্য যুক্ত করলে আক্রান্তের সংখ্যা ৫ শতাধিক ছাড়িয়েছে।
এদিকে, ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও বাড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপের প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।









