ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে স্মারকলিপি দিয়েছে ‘আমরা ভোলাবাসী’ সংগঠন।

সোমবার সংগঠনটির নেতৃবৃন্দ স্পিকারের কাছে এ স্মারকলিপি দেন। এতে ভোলা-বরিশাল সেতু নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানানো হয়।

‘আমরা ভোলাবাসী’র নেতৃবৃন্দ জানান, স্পিকার আন্তরিকতার সঙ্গে স্মারকলিপিটি গ্রহণ করেছেন। এ সময় তিনি সেতুর বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন বলেও সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

citytouch 728-X-90

সংগঠনটির নেতারা বলেন, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়িত হলে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে ভোলার যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। একই সঙ্গে জেলার ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও চিকিৎসাসেবার প্রসারসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়বে।

তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে ভোলা-বরিশাল সেতু ভোলাবাসীর অন্যতম প্রধান দাবি। তাই প্রকল্পটি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি দ্রুত অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

‘আমরা ভোলাবাসী’র পক্ষ থেকে ভোলা-বরিশাল সেতুর দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।