জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকরা। সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
গত ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ভবনের কয়েকটি জানালা ও কাচ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার প্রায় এক মাস পর বাড়িটির সংস্কারকাজ শুরু হলো। বর্তমানে মূলত ভবনের বাইরের অংশে রঙের কাজ চলছে।
কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শুধু ভবন সংস্কারের দায়িত্ব পালন করছেন। সাকিব দেশে ফিরবেন কি না কিংবা বাড়িতে পরিবারের কেউ আসবেন কি না এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। কাজের নির্দেশদাতাও ঢাকায় থাকেন বলে জানান তারা।
শ্রমিকরা আরও জানান, রঙের কাজ শেষ হলে হামলার সময় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচ মেরামত করা হতে পারে। তবে বাড়িতে সাকিবের পরিবারের কোনো সদস্য বা ঘনিষ্ঠ কাউকে এখনো দেখা যায়নি।
এর আগে হামলার ঘটনায় মাগুরা সদর থানার পুলিশ জানিয়েছিল, বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে কেউ আহত হননি। প্রাথমিকভাবে লোহার গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ধারণা করা হলেও ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ।
এদিকে আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাকিব আল হাসানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা দেখা যাচ্ছে। তবে তার দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সাকিব ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তার নামও আসামির তালিকায় রয়েছে। তবে বাড়ির সংস্কারকাজের সঙ্গে তার দেশে ফেরার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।









