ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে প্রায় ৭০ কিলোমিটার এলাকাজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে লালমোহনের ডাওরিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘সবুজ, সুসজ্জিত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ নেওয়া এ কর্মসূচির আওতায় মহাসড়কের উভয় পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জেলা প্রশাসকদের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে কর্মসূচিটি গ্রহণ করা হয়েছে।

citytouch 728-X-90

সংশ্লিষ্টরা জানান, মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণের ফলে সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রম আরও জোরদার হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।