নেত্রকোনা প্রতিনিধিঃ
হাওরে ইজারা প্রথা বাতিল করে সাধারণ মানুষের মাছ ধরার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার।
সোমবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরে সিপবির উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ দাবি জানান।
জলি তালুকদার বলেন, হাওরে ইজারা প্রথা বাতিল করে হাওরের সাধারণ মানুষের মাছ ধরার অধিকার নিশ্চিত করতে হবে। কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। আর এলাকাভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত না করে হকার ও অটোরিকশা উচ্ছেদ বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, শ্রমজীবী ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্য দূর করার লক্ষ্যে সিপিবির সংগ্রাম অব্যাহত রয়েছে। মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
উপজেলা কমিটির নেতা গোলাম রব্বানীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সিপিবি নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলকাছ উদ্দীন মীর এবং খালিয়াজুরী উপজেলা কমিটির নেতা ও বীর মুক্তিযোদ্ধা সঞ্জয় সরকার।
বক্তারা বলেন, শ্রমিক, কৃষকসহ মেহনতি মানুষের অধিকার আদায়ে সিপিবি ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে।
সভায় উপজেলা কমিটির নেতাকর্মীসহ স্থানীয় পর্যায়ের দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।










