জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর চাঁদপুরের শাহরাস্তির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় দুর্বৃত্তরা বাড়িটিতে আগুন দেয় বলে জানা গেছে।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনে বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার তথ্যও এখনো নিশ্চিত নয়।

citytouch 728-X-90

এর আগে ৪ অক্টোবর কুষ্টিয়ার লালন শাহের আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় ডিম নিক্ষেপ ও তাড়া করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীদের পরিচয় নিয়ে তখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শাহরাস্তির বাড়িতে আগুন দেওয়ার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে।