সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এমনভাবে পুনঃস্থাপন করা হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার বা সংসদ চাইলেই তা সহজে বাতিল করতে না পারে। ভবিষ্যতে এ ব্যবস্থা পরিবর্তন বা বাতিল করতে হলে গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন নেওয়ার বিধান রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কী প্রক্রিয়ায় গঠিত হবে এবং এর প্রধান কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা ও বিভিন্ন পক্ষের মতামত নেওয়া হবে।
তিনি জানান, সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান পুনরায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনার পর ভবিষ্যতে কেউ এটি পরিবর্তন করতে চাইলে জনগণের কাছে যেতে হবে এমন সাংবিধানিক সুরক্ষা রাখার কথা ভাবা হচ্ছে।
দিনের বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, শহীদ ও আহতদের সুরক্ষা এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার বিষয়েও আলোচনা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির এ বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করা হয়। কমিটির বৈঠকে সংবিধান সংশোধনের বিভিন্ন প্রস্তাব নিয়েও আলোচনা চলছে।










