জরিমানা ছাড়াই মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে গাড়ির মালিক ও চালকেরা কোনো অতিরিক্ত জরিমানা ছাড়াই শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে পারবেন। এ সুযোগের আওতায় রয়েছে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স।

বিআরটিএ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বিজ্ঞপ্তিতে একে শেষবারের মতো দেওয়া সুযোগ হিসেবে উল্লেখ করেছে।

citytouch 728-X-90

এদিকে গাড়ি বিক্রির পর মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সংস্থাটি জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রি বা হস্তান্তরের পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক।

অনেক ক্ষেত্রে ক্রেতারা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরোনো মালিকদের অগ্রিম আয়কর ও পরিবেশ সারচার্জসহ বিভিন্ন আর্থিক দায় বহন করতে হচ্ছে। মালিকানা পরিবর্তনের নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিআরটিএ।