সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। পারস্পরিক বোঝাপড়ায় বড় ধরনের কিছু পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই দম্পতি।

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে নিজেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। দুজনের বক্তব্যেই স্পষ্ট হয়েছে, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; দীর্ঘ সময় ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

প্রীতম জানান, ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তাদের মধ্যে পারস্পরিক সম্মান ও শুভকামনা সব সময় থাকবে।

citytouch 728-X-90

বিচ্ছেদের কারণ সম্পর্কে প্রীতমের ভাষ্য, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন যে পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে কিছু বড় পার্থক্য রয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে বলে মনে করেছেন তারা।

শেহতাজও প্রায় একই কথা জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, ১০ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সম্মতি ও বোঝাপড়ার ভিত্তিতেই বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রীতমের প্রতি তার যত্ন, সম্মান ও শুভকামনা থাকবে বলেও জানান তিনি।

দুজনই বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের সময়ে সবার সহযোগিতাও কামনা করেছেন তারা।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রীতম ও শেহতাজ।