নেত্রকোণা প্রতিনিধিঃ হৃদয় রায় সজীব 


নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে বারহাট্টার গোপালপুর বাজারে সংস্থাটির নতুন কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারু ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ চন্দ্র দাস আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। পরে সংস্থার সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বক্তব্যে গৌরাঙ্গ চন্দ্র দাস বলেন, চারু ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, দরিদ্র, অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সংস্থাটি স্বেচ্ছাসেবী কর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য।


তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, বারহাট্টা শাখার কার্যক্রমের মাধ্যমে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের কাছে উন্নয়নমূলক উদ্যোগ পৌঁছে দেওয়া এবং তাদের আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।


অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি চারু ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ চন্দ্র দাস এবং সংস্থার প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


দোয়া মাহফিলে চারু ফাউন্ডেশন বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করা হয়। নতুন শাখাটি স্থানীয় পর্যায়ে আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।