রাজু তালুকদার, মোংলা প্রতিনিধি
মোংলা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
রোববার দুপুরে মোংলা কাস্টমস হাউসের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে কাস্টমস কমিশনারের কাছে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।
এ সময় বিক্ষোভকারীদের অভিযোগ, বিদেশি জাহাজের ক্যাপ্টেনদের কাছ থেকে ডলার, হুইস্কি ও সিগারেট আদায়, ভেন্ডার লাইসেন্স দেওয়ার প্রলোভনে অর্থ গ্রহণ এবং অনৈতিক সুবিধা না পেলে ব্যবসায়ীদের হয়রানি ও হুমকি দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত ওই কর্মকর্তা। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
অন্যদিকে, অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোঃ গিয়াস কামাল জানিয়েছেন, অভিযোগগুলো তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।









