গোপালগঞ্জ জেলায় এইচএসসি (সম্পূরক) পরীক্ষা ২০২৬ নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় জেলার পাঁচটি কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায় স্থানান্তর করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জের পরীক্ষাকেন্দ্রগুলোর পরীক্ষা মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেওয়া হবে।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর; পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। সারা দেশে একযোগে সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই পরীক্ষা পেছানো হচ্ছে না। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এ জন্য গোপালগঞ্জের পরীক্ষার্থীদের নিকটবর্তী জেলা-উপজেলায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুরের রাজৈর সরকারি রাজৈর গোপালগঞ্জ কলেজিয়েট যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের রাজৈর সরকারি রাজৈর কলেজে এবং টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে।

রোববার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে ‘অনুকূল পরিবেশ না থাকা’ ছাড়া আর কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। গোপালগঞ্জ জেলা ঢাকা শিক্ষা বোর্ডের অধীন।