দেশের বাজারে সোনার দাম টানা দ্বিতীয় দিনে কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এই নতুন দাম শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে স্থানীয় তেজাবী সোনার দাম কমার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন দামের মধ্যে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ হাজার ৯৯ টাকা কমে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম ১ হাজার ৮০৮ টাকা কমে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

citytouch 728-X-90

রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির ৩ হাজার ৯০৭ টাকা।

গত বৃহস্পতিবারও বাজুস সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা এবং রুপার দাম ৩৫০ টাকা কমিয়েছিল। চলতি বছর দেশের বাজারে সোনার দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ২৬ বার দাম বৃদ্ধি এবং ১৬ বার দাম হ্রাস করা হয়েছে।