ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেবায় নিজ অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে নিহত হয়েছেন প্রায় ৪০ বছর বয়সী এক নারী। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় সময় রাত ১টা ৪২ মিনিটে বেয়ারশেবায় এক নারী গুরুতর আহত হওয়ার খবর পায় দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। খবর পেয়ে চিকিৎসক ও প্যারামেডিকদের একটি দল দ্রুত ওই নারীর অ্যাপার্টমেন্টে পৌঁছায়।

সেখানে তাঁকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে তাঁকে উদ্ধার করে শহরের সোরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

citytouch 728-X-90

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই নারীর স্বামী নিজেই পুলিশকে ফোন করে হত্যাকাণ্ডের কথা জানান। ফোনে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীকে হত্যা করেছি।’

পরে ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকে কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।