কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি। পরিস্থিতির অবনতি হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটে এ অগ্নিকাণ্ড ঘটে। এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী ম্যাকগুইন্টি জানান, কানাডার সশস্ত্র বাহিনী স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। তিনি পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে বর্ণনা করেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ঘটনাটিকে গুরুতর অগ্নিকাণ্ড হিসেবে উল্লেখ করেন। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি। এখানে সরাসরি গোলাবারুদ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণ সময়ে ঘাঁটিটিতে প্রায় ৬৯০ জন সামরিক সদস্য এবং ৩০০ জন বেসামরিক কর্মী দায়িত্ব পালন করেন।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শনিবারের আগুন তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন ঘাঁটির সীমানা অতিক্রম করে বাইরের এলাকাতেও ছড়িয়ে যায়। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

প্রতিরক্ষামন্ত্রী ম্যাকগুইন্টি বলেন, সাম্প্রতিক অতীতে এমন ভয়াবহ ঘটনার কথা তাঁর মনে পড়ে না। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ এ ঘটনাকে গুরুতর ও মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলা এবং তদন্তের বিষয়ে প্রাদেশিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।

ঠিক কখন আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে কর্তৃপক্ষ প্রথম অগ্নিকাণ্ডের বিষয়ে তথ্য প্রকাশ করে।

এদিকে, নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলসংলগ্ন এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি সেবার যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সড়কগুলোতে বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে প্রশাসন।

অগ্নিকাণ্ডে মোট কতজন হতাহত হয়েছেন এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।