ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করা ছয় তরুণীকে মহারাষ্ট্রের পুনে শহরের একটি যৌনপল্লী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচার চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্ত পলাতক রয়েছেন।

পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার একাধিক যৌনপল্লীতে অভিযান চালিয়ে ছয় বাংলাদেশি তরুণীকে উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া তরুণীরা জানিয়েছেন, প্রায় চার মাস আগে ভালো বেতনে চাকরির আশ্বাস দিয়ে তাঁদের অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া হয়। কিন্তু ভারতে পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো চাকরি দেওয়া হয়নি। বরং তাঁদের পুনে শহরে এনে যৌনপল্লীর পরিচালনাকারীদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া তরুণীদের কারও কাছেই বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র ছিল না। চাকরির প্রলোভন দেখিয়ে সীমান্ত পার করানোর পর তাঁদের পাচারকারীদের নিয়ন্ত্রণে রাখা হয়। পরে জোরপূর্বক যৌনকাজে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় পুনের ফারাসখানা থানায় মানবপাচার ও জোরপূর্বক যৌনকাজে বাধ্য করার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, পুনের বুধওয়ার পেথ এলাকা দীর্ঘদিন ধরে নারী পাচারের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত। বাংলাদেশ থেকে পাচার করে আনা নারীদের এ এলাকায় নিয়ে যাওয়ার অভিযোগ আগেও উঠেছে। চলতি বছরের মার্চ মাসেও একই এলাকার একটি যৌনপল্লী থেকে চার বাংলাদেশি নারীকে উদ্ধার করেছিল পুনে সিটি পুলিশ।