ইরানকে যেকোনো সময় পুরোপুরি অচল করে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এখন চাইলে যেকোনো সময় দেশটিকে অচল করে দিতে পারে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের সালিনায় মধ্যবর্তী নির্বাচনের আগে নিজের শেষ নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প।

সমাবেশে তিনি বলেন, ‘আমরা ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছি। চাইলে যেকোনো সময় তাদের অচল করে দিতে পারি।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা ভালোভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে কখনো কখনো এভাবে চলতে পারে না। আমরা কিছুটা নমনীয় হওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয়, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে আমরা তাদের পুরোপুরি অচল করে দেব। তাহলেই সবকিছুর অবসান হবে।’

এ ছাড়া আইওয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো শেষ হয়নি। তবে তিনি যতটা সম্ভব প্রাণহানি এড়াতে চান।

তিনি বলেন, ‘আমি ভালো হতে চাই এবং যতটা সম্ভব মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছি।’

তবে একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘কিন্তু একটা সময় আসবে, যখন আমাদের তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।’

এ সময় তিনি আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। খুব শিগগিরই যুদ্ধের অবসান ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেন ট্রাম্প। তাঁর ভাষ্য, দেশের নিরাপত্তার স্বার্থে পেট্রলের বাড়তি দাম খুবই সামান্য মূল্য। তবে শিগগিরই জ্বালানির দাম অনেক কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।